বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের বিরুদ্ধে কথা বলায় গণমাধ্যমে বিএনপি নেতাদের খলনায়ক বানানোর অপচেষ্টা চলছে। ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভারতীয় হাইকমিশনারের কাছে মিথ্যাচার করেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি ভোট বর্জন করেছে, ভারতীয় পণ্য নয়। দেশের সাধারণ মানুষ ভারতে পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। ভারতের কারণে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত দেশের মানুষ। গণতন্ত্রের জন্য দেশের মানুষকে বিভক্ত করা হয়েছে।
গণতন্ত্র এখন কোমায়। গণতন্ত্র পুনরুদ্ধারে এই সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিনি সরকার প্রধানের সমালোচনা করেন। এছাড়া, গণমাধ্যমের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, যারা সরকারের বিপক্ষে কথা বলে তাদের খলনায়ক বানানোর অপচেষ্টা চলছে।












