জনতার খবর ডেস্কঃ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১১ মার্চ দেশের সব মহানগর ও জেলায় মানববন্ধন করবে দলটির নেতাকর্মীরা।
৪ মার্চ শনিবার রাজধানীর উত্তরায় পদযাত্রা পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবির সঙ্গে গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে। এবার আর তামাশার নির্বাচন হতে দেওয়া হবে না। এ জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। সব বাধা অতিক্রম করে আমাদের আন্দোলন অব্যাহত থাকব।
এদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরের আরও ৪৯টি স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।












