জনতার খবর ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সংলাপ ও নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি। তাই বিএনপিকে প্রলোভন বা ফাঁদে ফেলার কিছু নেই। পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির। এ নিয়ে বিদেশিদের কোনো চাপ বা প্রস্তাব নেই বলেও জানান তিনি।
১০ মে বুধবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর সংক্রান্ত বৈঠক ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে রাজধানীতে এক কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে যানবাহনের ন্যূনতম ৩০ শতাংশ ইলেকট্রিক মোটরযানে রূপান্তর করা হবে। এই নভেম্বরের মধ্যে ঢাকায় ৮০ ও চট্টগ্রামে ২০ টি দ্বিতল ইলেকট্রিক বাস যুক্ত হবে বিআরটিসি বহরে।
পরে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে আসা বিএনপির অধিকার। এখানে কাউকে ডাকার কিছু নেই। ফাঁদের কিছু নেই।
নির্বাচন ইস্যুতে কোনো বিদেশি চাপ নেই বলে আবারো দাবি করেন ওবায়দুল কাদের।
জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন আওয়ামী লীগের কোনো দলীয় পদে নেই। তাই গাজীপুর সিটি নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগের বলার কিছু নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।












