বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই নারীর নাম মিলতি রানী হাওলাদার (৬০)। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন।
ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, বাকেরগঞ্জের কবাই এলাকার বাসিন্দা দিতেন্দ্রনাথ হাওলাদারের স্ত্রী মিলতি রানী হাওলাদার দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে গোসল করতে গেলে হঠাৎ তার মৃর্গী রোগ দেখা দেয়। অনেক বেলা বাড়ার পরেও মিলতি রানী ঘরে না আসায় খোঁজ শুরু করেন স্বজনরা।
পরে নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
ওসি জানান, লাশ উদ্ধারের পর স্বজনদের কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










