খেলা ডেস্কঃ পতাকা উড়িয়ে অনুশীলন করে বিভিন্ন মহলের রোষানলে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। দ্বিপাক্ষিক সিরিজে পাশে পতাকা রেখে অনুশীলনে মানা নেই। বিসিবি বা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বাধা-নিষেধ। জোড়া পতাকা গেড়ে টি-২০ সিরিজের আগে মিরপুর একাডেমি মাঠে শেষ অনুশীলন করছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচের আগের দিন অনলাইন সংবাদ সম্মেলনে অবাক করা এক আশার কথাও জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক। তাঁর মনে হয়েছে, কিছু বাংলাদেশি ভক্ত সমর্থন জানাবে পাকিস্তান ক্রিকেট দলকে!
তিনি বলেন, বাংলাদেশে আমাদের বেশ কিছু সমর্থক আছেন। আমার মনে হয়, কিছু ভক্ত আমাদের জন্য গলা ফাটাবে। টিম বাসে অনুশীলনে আসার সময় রাস্তায় অনেক মানুষের ভিড় দেখেছি। তাঁরা হাত উঁচিয়ে আমাদের অভিবাদন জানিয়েছেন। চিয়ার আপ করার চেস্টে করেছেন। মাঠে দর্শক প্রবেশ করবে। সিরিজটি দুই দলের জন্যই ভালো হবে।
মিরপুরের উইকেটে রান তোলা কঠিন। অস্ট্রলিয়া-নিউজিল্যান্ড রান তুলতে খাবি খেয়েছে। শীতের শুরুতে স্পোর্টিং উইকেটের আভাস মিললেও দুই দলের পক্ষ থেকে উইকেট নিয়ে কোনো বার্তা দেওয়া সম্ভব হয়নি। তবে উইকেট ধীর হতে পারে এই চিন্তা মাথায় রেখেই প্রস্তুত হচ্ছে পাকিস্তান।
বাবর বলেন, উইকেট এখনও দেখিনি। কেমন উইকেট হবে বলতে পারছি না। আজ সন্ধ্যায় উইকেট দেখবো। উইকেট ধীর হলে ধরে খেলতে হবে। বিশ্বকাপে সেভাবেই আমরা খেলেছি এবং পরে দ্রুত রান তুলেছি। পাঁচ-ছয় বছর আগে আমি এখানে ডিপিএল খেলেছি। তখনও উইকেট ধীর ছিলো। স্পিনাররা ভালো করেছেন।
বিশ্বকাপে বাজে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। তারপরও মিরপুরে এসে বাংলাদেশকে হালকা করে দেখার সুযোগ নেই। বিশ্বকাপে সেমিফাইনাল খেলা এবং শক্ত ব্যাটিং-বোলিং ইউনিট সম্পন্ন পাকিস্তানও হালকা করে দেখছে না। স্বাগতিকদের প্রাপ্য সম্মান দিয়েই সিরিজ জয়ের কথা জানান পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম।
সূত্রঃ বাংলা ভিশন।












