বরিশাল প্রতিনিধিঃ
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, নারীদের যোগ্য সন্মানটুকু তারা পাচ্ছে না। একটা নারী সপ্তাহে ৭ দিন, বছরে ৩৬৫ দিন ঘরে ও বাহিরে সমান তালে কাজ করেন। কর্মস্থলে থাকা নারীদের সুযোগ-সুবিধা কিছুটা থাকলেও আমাদের মতো নয়, আবার ঘরে থাকা নারী বিশেষ করে মায়েদের কোন বেতন, প্রমোশন ও ছুটি নাই। এই নারীদের সন্মান দেয়ার জন্য আমার চেষ্টা থাকবে। অন্তত তাদের সু-চিকিৎসা এবং তাদের বাচ্চাদের সু-চিকিৎসা নিশ্চিত করতে চাই। এলক্ষ্যে তাদের জন্য নারী স্পেশালাইজড হসপিটাল করতে চাই, যেখানে কোন পুরুষই থাকবে।
সোমবার (২৯ মে) সকালে বরিশাল নগরের কাউনিয়া থানাধীন বিভিন্ন এলাকায় গনসংযোগ ও ভোটারদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় নির্বাচন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের মাঠের যে অবস্থা তাতে কোন অভিযোগ দেয়ার মতো বিষয় পরিলক্ষিত হচ্ছে না।
তবে মেয়র প্রার্থীদের সবাই আমার প্রতিদ্বন্দ্বী বলে আমি মনে করি। যে যার মতো করে ভোট চাইবে এটা স্বাভাবিক। তবে ধর্মের দোহাই দিয়ে ধোকা দিয়ে মানুষের ভোট নিবে, এটা সাধারণ মানুষ গ্রহন করবে বলে আমি মনে করিনা।
এসময় তিনি হাতপাখার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায়, ওনারা ধর্ম এবং রাজনীতি এক জায়গায় করে ফেলেছে। ওনার ওয়াজ মাহফিল করেন। হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ সেই ওয়াজ মাহফিল শুনতে যায়, তার অর্থ এই নয় ওনাদের ভোট দিবে তারা।
যুবকরা দৌড় দিয়ে হেরে গেলো আর বয়স্ক মানুষ দৌড়ে জিতে গেলো এটাও বরিশালের মানুষ বিশ্বাস করবে না বলে মন্তব্য করেন তিনি।
তাপস বলেন, বরিশাল সিটি করপোরেশনের বর্ধিত এলাকাগুলোতে একেবারেই উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত, বিজয়ী হতে পারলে সেদিকের উন্নয়নের দিকে খেয়াল রাখার চিন্তা প্রথমেই আমার রয়েছে। এছাড়া নগরের জলাবদ্ধতা নিরসন, বেকার সমস্যার সমাধান, আইটি সেক্টরের উন্নয়ন ও এ সেক্টরে তরুনদের কর্মসংস্থার সৃষ্টি করার লক্ষ্যে কাজ করার বিষয়গুলো অগ্রাধিকার তালিকায় থাকবে।
এছাড়া নগরবাসীর ওপর করের বোঝা কমাতে হবে, আর করের বোধা কমাতে হলে সিটি করর্পোরেশনকে উৎপাদনমুখী করতে হবে। কারন সিটি করপোরেশনকে আয় করতে হবে, আয় না থাকলে এখনকার মতো সিটি করপোরেশনের পরিচয় বিল খেলাপী হিসেবেই থাকবে।










