বরিশাল প্রতিনিধিঃ
ছাগলের জন্য জমির পাশ থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীর ভাড়াটিয়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী নিহত ও তিনজন গুরুত্বর আহত হয়েছেন। এসময় একটি বসত ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুকরন বিবি (৫৫) ওই গ্রামের ভ্যানচালক হারুন তালুকদারের স্ত্রী। সন্ত্রাসী হামলায় আহত মিনারা বেগম (৪০), শিল্পী বেগম (৪০) ও আবু হানিফকে (২২) বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ছেলে লিটন তালুকদার বলেন, একই গ্রামের বারেক বেপারীর জমির পাশ থেকে ঘাস কাটার অভিযোগে আমার বাবা হারুন তালুকদার ও মামা দুলাল বয়াতীর সাথে মঙ্গলবার বিকেলে বারেকের স্বজনদের বাগ্বিতন্ডা হয়। ওই ঘটনার জেরধরে বারেক বেপারীর স্বজনরা আশোকাঠী, চন্দ্রহার ও বাটাজোর এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে বুধবার রাতে আমাদের বসত ঘরে হামলা চালায়। লিটন তালুকদার আরও বলেন, হামলার একপর্যায়ে আশোকাঠী এলাকার ভাড়াটিয়া সন্ত্রাসী জিয়া আমিন ধারালো অস্ত্র দিয়ে আমার মা শুকরন বিবিকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতারের জন্য ঘটনার পর পরই পুলিশ অভিযান শুরু করেছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।










