বরিশাল প্রতিনিধিঃ
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ও নেতাদের মুক্তির দাবীতে শনিবার বেলা এগারোটার দিকে নগরীতে গণমিছিল করেছে বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিল বের করার আগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতোমধ্যে শত শত মানুষকে তারা হত্যা করে গুম করেছে। ক্রসফায়ারে হত্যা করেছে। সরকার ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনে বিজয়ের স্বপ্ন দেখছে। কিন্তু তারা জানেন না বাংলাদেশের মানুষ অনেক আগেই ভয়কে জয় করেছে। বর্তমানে যেভাবে দেশ চলছে এমনভাবে দেশ চলতে পারেনা। শেখ হাসিনার সরকার যাতে পালাতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে নেই, কথা বলার স্বাধীনতা নেই। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ এখন সোচ্চার।
বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ও সাবেক সাংসদ এম জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন, সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির প্রমুখ। সমাবেশ শেষে গণমিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
অপরদিকে একইদিন জামায়াতের আমীরকে মিথ্যা মামলায় গ্রেফতার করে রিমান্ডের নিয়ে নির্যাতনের প্রতিবাদে ও ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে গণমিছিল করেছে জামায়াতে ইসলামীর মহানগর শাখার নেতাকর্মীরা। নগরীর স্টীমারঘাট থেকে মিছিল বের করে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করা হয়।










