বরিশাল প্রতিনিধিঃ
জাতির পিতার ভাগ্নে, ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি প্রণেতা, বর্তমানে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসানাত আব্দুল্লাহর নিজ জন্মভুমি জেলার আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৫তম বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বেলা এগারোটার দিকে পার্বত্য শান্তি চুক্তির ২৫তম বার্ষিকী পালন উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শান্তি চুক্তি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। একইদিন বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে নগরীতে আলোচনা সভা এবং র্যালি বের করা হয়। এছাড়াও গৌরনদীতে অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে।










