* ঝুঁকিপূর্ণ ভবনে মাদ্রাসা * পলেস্তারা খসে পড়ছে শিক্ষার্থীদের মাথায়”
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষ্মীপুড়া দাখিল মাদ্রাসা ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ভবনটি ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
প্রতিদিন শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ায় বাধ্য হয়ে বারান্দায় পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। লক্ষ্মীপুড়া দাখিল মাদ্রাসায় ১৯৯৪ সালে একটি চার কক্ষের একতলা ভবন নির্মাণ করে মাধ্যমিক শিক্ষা দপ্তরের ফ্যাসিলিটিস বিভাগ। অভিযোগ রয়েছে, ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ভবনটি নির্মাণ করায় অল্প দিনেই সেটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে মাদ্রাসাটিতে ২৬৬ জন শিক্ষার্থী ও ১৪ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
সরজমিনে মাদ্রাসাটিতে গিয়ে দেখা গেছে, শেওলায় আচ্ছন্ন স্যাঁতসেঁতে একটি ভবনের বারান্দায় শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। ভবনটির সামনে গিয়ে দেখা গেছে, সব ভবনের ওয়ালের ইট থেকে পলেস্তারা খসে গিয়ে শেওলার সবুজ রঙে আচ্ছন্ন হয়ে আছে।
বরান্দায় পিলারগুলোর ইট-সুরকি থেকে কলামের রড বের হয়ে গেছে। ভবনটির ভেতরে গিয়ে দেখা গেছে, প্রতিটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে মেঝে ভর্তি হয়ে রয়েছে। শিক্ষার্থীদের বসার বেঞ্চে বালু ও ইটের খোয়া পড়ে রয়েছে। লাইব্রেরি কক্ষটির ছাদে কোনো পলেস্তারা অবশিষ্ট নেই বললেই চলে।
মাদ্রাসাটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সৈয়দা আক্তার জানায়, প্রতিদিন তারা ক্লাসে এসে বেঞ্চ থেকে বালু ও খোয়া পরিষ্কার করে। একদিন তার পাশে থাকা এক সহপাঠীর মাথায় ছাদের পলেস্তারা খসে পড়ে মাথা ফেটে গিয়েছিল।
সপ্তম শ্রেণির আরেক শিক্ষার্থী ফাইজুল করীম বলে, ‘মাদ্রাসায় এলেই আতঙ্কে থাকি কখন ছাদ ধসে মাথায় পড়ে। বর্তমান বর্ষা মৌসুমে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে বইখাতা ভিজে যায়।’
লক্ষ্মীপুড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভবনটির ছাদ থেকে প্রতিনিয়ত পলেস্তারা খসে পড়ার কারণে দুর্ঘটনা এড়াতে বর্তমানে বারান্দায় পাঠদান করাচ্ছি।
এখানে একটি নতুন ভবন নির্মাণ না করা হলে রানা প্লাজার মতো বড় ধরনের দুর্ঘটনার খবর আপনারা শুনতে পারবেন।’
বামনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক ভূঞা বলেন, ‘ওই ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনকেও জানিয়েছি। তাঁরা আশ্বস্ত করেছেন দ্রুত ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’










