মোঃ শাকিল আহমেদ, বামনা,বরগুনা প্রতিনিধি।
বরগুনার পাথরঘাটায় পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ইজিবাইকচালক জয়নাল ফকিরের (৪৭) বিরুদ্ধে।
এ ঘটনায় জয়নালকে আটক করে থানার পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। ধরা পড়ার পর থানায় সোপর্দ করার আগে জয়নাল ফকির দোষ স্বীকার করে জানান, শয়তানের ধোঁকায় এমনটি ঘটিয়েছেন তিনি।
পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপধন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জয়নাল ফকির একই ইউনিয়নের কালীবাড়ি এলাকার মৃত রোমেজ উদ্দিন ফকিরের ছেলে। এ ঘটনায় পাথরঘাটা থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন ভুক্তভোগীর মা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে বাড়ির সামনে থেকে খাবারের প্রলোভন দেখিয়ে অটোরিকশায় করে মনি মণ্ডলের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মণ্ডল বাড়ির লোকজন দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে অভিভাবকের কাছে পৌঁছে দেয়। আর জয়নালকে ধরে মারধর করে মাথার চুল কেটে দিয়ে পুলিশকে খবর দেয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয়রা টের পায়। পরে শিশুটিকে উদ্ধার করা অভিযুক্ত জয়নালকে আটকে রাখে স্থানীয়রা। পরে রাত ৮ টার দিকে থানার পুলিশ গিয়ে জয়নালকে আটক করে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করা হয়েছে।










