ফেসবুকে পরিচয়। তারপর প্রেম। এরপর বিয়ে করতে পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশে এসেছে এক ভারতীয় তরুণী। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে।
ভারত থেকে আসা তরুণীর নাম পূজা বিশ্বাস (১৬)। বিয়ের আসর থেকে তাকে ২৭ আগস্ট শনিবার আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা) সার্কেল সুমন কর জানান, ওই কিশোরী কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। সে ২৬ আগস্ট শুক্রবার বিকেল ৪ টায় ফরিদপুরের বোয়ালমারীতে আসে।
জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামের তন্ময় রাজবংশি (২১) ফেসবুকে ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শুক্রবার বোয়ালমারীতে আসার পর তাকে তন্ময়ের ভগ্নিপতি গোপাল রাজবংশির বাড়িতে উঠানো হয়। সেখানে শুক্রবার রাতে তন্ময় ও পূজার বিয়ের আয়োজন চলছিলো।
খবর পেয়ে রাত ১১ টার দিকে বিয়ের পিড়ি থেকে পুলিশ তাকে আটক করে। এ সময় তন্ময়কেও আটক করে পুলিশ।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মেয়ের বয়স কম। তাছাড়া মেয়েটির কাছে কোন পাসপোর্ট কিংবা ভিসা পাওয়া যায়নি। তাকে তন্ময় রাজবংশি ফুঁসলিয়ে কি কারণে এদেশে এনেছে সে জন্য তন্ময় রাজবংশিকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আর মেয়েটিকে আদালতের মাধ্যমে কিশোরী সংশোধন কারাগারে পাঠানো হয়েছে।










