কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের তৃতীয় পর্যায়ের (দ্বিতীয় ধাপ) উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় কাঠালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।
আজ ১৯ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আবুল বসার বাদশা, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, আমাদের কাঠালিয়া উপজেলায় প্রথমে মাত্র ৫০টি ঘর পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আরও ঘরের চাহিদা পত্র প্রেরণ করায়, জেলা প্রশাসক মহোদয় পরবর্তীতে আরও ৪৭৭ টি ঘর বরাদ্দ দেন।
তিনিও আরও বলেন আমার কাছে কোন ব্যক্তির যখন তথ্য এসেছে জমি নাই ঘর নাই, তখন আমি সাথে সাথে তাদের ঘর দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই।
এ সময় নির্বাহী কর্মকর্তা কাঠালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
আগামী ২১ জুলাই ২০২২ তারিখে বৃহস্পতিবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উপকারভোগী পরিবারের নিকট উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন।
সাংবাদিকদের মধ্যে মোঃ পারভেজ জমাদ্দার, আসাদুজ্জামান সোহাগ, মোঃ রাজিব তালুকদার, মোঃ ইলিয়াস হাওলাদার। মাত্র চার জন সাংবাদিক এ প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।
অন্য সাংবাদিকরা কি কারনে প্রেস ব্রিফিংয়ে অংশ নেননি তা এখন পর্যন্ত জানা যায়নি।










