ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর।
১৩ আগস্ট শনিবার সকালে জেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের পেয়ারা বাগান পরিদর্শনে যান রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে থাইল্যান্ড দূতাবাসের পাঁচ কর্মকর্তা ছিলেন।

আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদার রাষ্ট্রদূতকে পেয়ারা বাগান, ভাসমান পেয়ারা হাট ও একাধিক পেয়ারা পার্ক ঘুরিয়ে দেখান।
এর আগে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি ১২ আগস্ট শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার বারুকাঠি মিয়া বাড়িতে পৌঁছান। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের আমন্ত্রণে রাষ্ট্রদূত সেখানে যান।
রাষ্ট্রদূতের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। এ সময় মধ্যাহ্নভোজে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুবিনা মীরা উপস্থিত ছিলেন।










