বরগুনা প্রতিনিধি।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পর্যটন কেন্দ্র হরিণঘাটা নামক স্থান থেকে হরিণ ধরা ফাঁদসহ মনির হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে বনবিভাগ।
বুধবার বিকেল ৩ টার দিকে হরিণঘাটা বন থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনির হোসেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তিনি পাথরঘাটা সদরের পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা এলাকায় তার শ্বশুরবাড়িতে থাকতেন।
হরিণঘাটা বিটের বিট কর্মকর্তা আল আমিন জানান, হরিণঘাটা বনের মধ্যে হরিণ ধরার জন্য ফাঁদ পাতার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৩টার দিকে হরিণঘাটা বনে গিয়ে এক বস্তা ফাঁদসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।










