কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে প্রতিবারই কোটি কোটি টাকা ও স্বর্ণ পাওয়া যায়। তবে এইবার ঘটলো এক ব্যতিক্রম ঘটনা। টাকার, সোনা গয়নার সঙ্গে পাওয়া গেছে একটি চিঠি, যেটি লিখেছেন এক গৃহবধূ।
নাম-পরিচয় গোপন রেখে চিঠিতে ওই নারী লিখেছেন- ‘হে আল্লাহ, পাগলা মসজিদের রহমতে মাসুমকে টাকা-পয়সা আসার ব্যবস্থা করে দিও। তুমি ছাড়া কোনো মাবুদ নেই। পাগলা মসজিদের রহমতে আমার স্বামী যেন অনেক টাকা-পয়সার মালিক হয়। সব ঋণ থেকে, অভাব থেকে- মানুষের কটু কথা থেকে মুক্তি পায়। হে আল্লাহ তুমি দয়া কর।
পাগলা মসজিদের রহমতে আমার স্বামীর সব দুঃখ দূর করে দিও। অনেক আশা নিয়ে এসেছি তোমার দরবারে। খালি হাতে ফিরিয়ে দিওনা পাগলা মসজিদের রহমতে।’ আজ শনিবার পাগলা মসজিদের দানবাক্স খুলে চিঠিটি পাওয়া যায়।
মসজিদের টাকা গণনার কাজে নিয়োজিত কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম সেটির একটি ছবি তুলে রাখেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠিটি ছড়িয়ে পড়ে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের আটটি দানবাক্স খুলে ১২ বস্তা দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রুপা পাওয়া যায়। দুপুর সোয়া ২টা পর্যন্ত প্রশাসন, ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ পাগলা মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা-এতিমখানার কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী টাকা গণনা করে তিন কোটি টাকা পান।










