বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে নিজের শারীরিক কন্ডিশন শতভাগ ফিট না বলে টিম ম্যানেজমেন্টকে অবহিত করেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। একইসঙ্গে সংবাদমাধ্যমে চাউড় হয় বোর্ডকে তিনি বলেছেন যে পাঁচ ম্যাচের বেশি তিনি খেলতে পারবেন না।
তামিমের এই প্রস্তাব খুব একটা ভালোভাবে নেননি অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে হেড কোচ হাথুরুসিংহেকে সঙ্গে নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে বসেছিলেন তিনি।
পরদিন দল ঘোষণার সময় তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপের স্কোয়াড দেয় টিম ম্যানেজমেন্ট।
কিন্তু তামিমের দাবি নিজেকে আনফিট দাবি করলেও পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না এমন কথা তিনি বলেননি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।
একই সঙ্গে বাঁহাতি এই ওপেনার জানান, দল ঘোষণার আগে পাওয়া ফিজিওর রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপে খেলতে তার কোনো বাধা ছিল না।
তামিম বলেন, ‘আমি কাউকে বলিনি যে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারব না। আমি জানি না কে এটা ছড়িয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আমি যে জিনিসটা নির্বাচকদের বলেছিলাম যে, আমার শারীরিক অবস্থাটা এমন। পাঁচ ম্যাচ খেলব কি না এমন কিছু আমি বলিনি।’












