জনতার খবর ডেস্কঃ বহু দল বহু ঘাটের পানি খেয়ে এখন পরিত্যক্ত। এমন পরিত্যক্তরা মিলে রাজনীতিতে সাত দলীয় নতুন জোট ‘গণতন্ত্র মঞ্চ’ গঠন করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ৯ আগস্ট মঙ্গলবার রাজধানীর মিন্টুরোডে নিজ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, এই জোটের সবাই রাজনীতিতে পরিত্যক্ত। এই জেটের নেতাদের জনগণের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বাংলাদেশের রাজনীতিতে এই জোট আসলে গুরুত্বহীন।
৮ আগস্ট সোমবার নতুন করে গড়ে তোলা হয় এই সাতদলীয় রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ফ্যাসিবাদী দুঃসময়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করুন’ এই স্লোগানে এক সংবাদ সম্মেলন করে এই জোট আত্মপ্রকাশ করে।
নতুন জোটের ঘোষণা দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। নতুন এ রাজনৈতিক জোটে আছে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ।












