জনতার খবর ডেস্কঃ ব্যালট বা ইভিএম যে কোনো পদ্ধতিতে শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব নয়। ব্যালট পেপার বা ইভিএমে ভোট করার চেয়েও ভোটে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
৬ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ব্যালট পেপারে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয়। এটি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। সব দল নির্বাচনে এলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।
তিনি বলেন, ব্যালটের চেয়ে ইভিএম বেশি নিরাপদ। ইভিএমে কারচুপি বন্ধ করা সহজ। রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন। আগাম ভোটের প্রশ্নই আসে না বলেও জানান সিইসি।












