অনলাইন ডেস্কঃ জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন দিয়ে এক ছাত্রলীগ নেতা আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে আশপাশের লোকজন পুলিশের সহায়তায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করেছে।
৪ জুলাই সোমবার বিকালে ঘটে এই ঘটনা। তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।
তিনি বলেন, আত্মহত্যাচেষ্টাকারীর ওই ব্যক্তির নাম কাজী আনিস (৫০)। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পানতি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী মো. আলী নামে এক ব্যক্তি জানান, আনিস গত ২ মাস আগে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলেন। আজ হঠাৎ প্রেস ক্লাবের সামনে এসে নিজের শরীরে আগুন দেন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলছে। পরে তার শারীরিক অবস্থা জানানো হবে। আহত ওই ব্যক্তি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।










