নলছিটি প্রতিনিধিঃ
নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুলবারিয়া ফেরীঘাট এবং রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়ায় বন্ধ থাকা ঘাট এবং তেতুলবারিয়া-রাজাপুর ফেরী চালুর দাবি সহ তিন দফা দাবিতে স্থানীয় জনসাধারণ ১১.০৭.২০২২ তারিখ সোমবার বিকেলে মানববন্ধন ও এক মতবিনিময় সভা আয়োজন করে। এসময় স্থানীয় বক্তারা বলেন, প্রায় ২২ বছর আগে ফেরী চালুর উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তার পরে আর চালু হয়নি।সড়ক ও যোগাযোগ কর্তৃপক্ষ বারবার আস্বাস দিয়েও ফেরী চালুর ব্যবস্থা গ্রহণ করেনি।
ফেরীর অভাবে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন অসুস্থ রোগী এবং প্রসূতি মায়েরা।যেহেতু এই অঞ্চলের মানুষের সহজ যাতায়াত রাজাপুর এবং ঝালকাঠি, তাই চিকিৎসার জন্যও সেদিকেই যেতে হয়।কিন্তু ফেরী না থাকায় এম্বুলেন্স আসে না,ইঞ্জিন চালিত নৌকায় রোগী ওঠানামা করানো অত্যন্ত ঝুকিপূর্ণ এবং কষ্টদায়ক। এছাড়া ব্যবসায়ীরাও পন্য পরিবহনে ভোগান্তি পোহাচ্ছেন প্রতিনিয়ত, মালামাল আনা নেয়ার জন্য ট্রলারে তুলতে নামাতে খরচও বেড়ে যায়, ভোগান্তিও বেশি। তাই ফেরী চালু হলে বানিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে, সরাসরি রাজাপুর,পিরোজপুর, ভান্ডারিয়া,খুলনা সহ অনেক এলাকার সাথে নলছিটি উপজেলার পশ্চিম অঞ্চলের এবং নলছিটি হয়ে পায়রা পর্যন্ত সংযোগ স্থাপন হবে।
যার ফলে রোগীর ভোগান্তি লাঘব হবে, স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং বানিজ্য সম্প্রসারণের ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই ফেরী চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় স্থানীয় নাগরিকদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জনাব মনিরুজ্জামান,বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি মেম্বার,স্থানীয় সমাজসেবক জিয়া সুমন সহ আরও প্রায় ৫০০ লোক।
উক্ত সভায় নলছিটির সমাজসেবক ও কৃষক নেতা বালী তাইফুর রহমান তূর্য সহ বক্তারা বলেন যখন দেশ উন্নয়ন এর মহা সড়কে তখনও এত গুরুত্বপূর্ণ স্থানে সামান্য একটা ফেরী নেই।অথচ সেতু নির্মাণের কারণে পটুয়াখালীর লেবুখালি ফেরী বন্ধ,বেকুটিয়া ফেরীও সেতু চালু হলে বন্ধ হবে। পদ্মা সেতুর উদ্বোধন হওয়ায় সেখানেও ফেরীর প্রয়োজনীয়তা কম।অর্থাৎ এত বন্ধ ফেরী থেকে একটা ফেরী এখানে দেওয়া কোনো ব্যপারই না।কিন্তু কর্তৃপক্ষ তা শুনছে না।এর এক মাস আগেও ঝালকাঠি-২ আসনের সাংসদ জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু,এমপি মহোদয় এর নিকট লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোনো আপডেট পাওয়া যায় নি।তবে নেতা চাইলে এক সপ্তাহের মধ্যে এখানে ফেরী দিতে পারেন,তাই আমরা সবাই এই জেলার অভিবাবক হিসেবে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু,এমপি মহোদয় এর নিকট আকুল আবেদন করছি যাতে এখানে তিনি দয়া করে একটা ফেরী চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন।এবং নদী ভাংগন রোধে মাননীয় পানি সম্পদ প্রতি মন্ত্রী জননেতা জাহিদ ফারুক শামীম, এমপি মহোদয়কে অনুরোধ করব দ্রুত কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিতে।










