বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের সদর উপজেলার কড়ইতলা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) দুপুরে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সুজন মল্লিক সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের বিশারদ গ্রামের বাসিন্দা ইসাহাক মল্লিকের ছেলে। তিনি রাজধানীর উত্তরায় একটি ফার্মেসিতে সেলসম্যান হিসেবে চাকরি করতেন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন সুজন। তার সন্ধানে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। বুধবার সকালে ফের অভিযান শুরু হয়। ঘটনাস্থল থেকে অন্তত ৩০ ফুট দূরে কড়ইতলা নদী থেকে মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
সুজনের ভাই সবুজ মল্লিক জানান, ঈদের ছুটিতে সুজন বাড়িতে এসেছে। ৫/৬ জন বন্ধু নিয়ে নদীতে গোসল করতে নামে সুজন। তারা সাঁতরে নদীর অপর প্রান্তে চলে যায়। ফেরার সময় মাঝ নদীতে ঢেউয়ের তোড়ে ডুবে সুজন নিখোঁজ হয়।










