ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির ঐতিহ্যবাহী ধানসিঁড়ি নদীর অবৈধ দখল চিহ্নিত করে উচ্ছেদ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে করণীয় নির্ধারণে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কমিটির সদস্যরা।
সভায় জানানো হয়, ধানসিঁড়ি নদীর প্রায় দুই-তৃতীয়াংশ বিভিন্নভাবে দখল হয়ে গেছে। এসব অবৈধ দখল চিহ্নিত করে পর্যায়ক্রমে উচ্ছেদ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ধানসিঁড়ি নদীকে রিভার ইকো-ট্যুরিজমের আওতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে। নদীর দুই পাড় নান্দনিকভাবে সাজানোর পাশাপাশি নদীকে অবৈধ দখলমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, নদীর জায়গায় থাকা সরকারি আবাসনের বাসিন্দাদের জন্য বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক বলেন, ধানসিঁড়ি নদীর সঙ্গে ঝালকাঠির ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে আছে। নদীটির সংরক্ষণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় নদীর অবৈধ দখল চিহ্নিতকরণ, উচ্ছেদ এবং নদীর পরিবেশ ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।