কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মাঝে বেশ কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাতে সারাদেশে শিক্ষার্থীদের মৃত্যু ও ক্যাম্পাসে মহানগর দক্ষিণ ছাত্রলীগের হামলার ঘটনায় জেরে ঢাবির হলগুলোতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্রলীগের নেতারা। তখন ছাত্র সংগঠনটির বহু নেতাকে হল থেকে বের করে দেওয়া হয়।
বিশেষ করে রোকেয়া হলে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনকে হল থেকে বের করে দেওয়া হয়।
এরপর রোকেয়া হল প্রশাসন হলটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেয়। প্যাডে হল প্রভোস্টের স্বাক্ষর সমন্বিত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে মধ্যরাত থেকে অন্যান্য হলেও একই ঘোষণা দেওয়া শুরু হয়। প্রাধ্যক্ষের কাছ থেকে ”হল রাজনীতিমুক্ত”—নামে হলের প্যাডে লিখিত মুচলেকা নিয়েছেন শিক্ষার্থীরা।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত ১০ হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছেলেদের ৫টি, মেয়েদের ৫টি। এগুলো হলো, শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, মহসীন হল, জহুরুল হক হল, রোকেয়া হল, কুয়েত মৈত্রী হল, শামসুননাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও সুফিয়া কামাল হল।












