ঝালকাঠি প্রতিনিধিঃ
রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় রেড ক্রিসেন্ট ইউনিট চত্বরে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি জেলা পরিষদ চেয়াম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনিরের সভাপতিত্বে সাধারণ সভায় সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্না বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন এবং ইউনিটের সহ-সভাপতি এ্যাড. মাহাবুবুর রহমান অডিট রিপোর্ট পেশ করেন। রিপোর্টের উপরে আলোচনা করেন সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, রেড ক্রিসেন্ট সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন আনু, প্রফেসর ডাঃ অসীম কুমার সাহা, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, মাহমুদা বেগম, মাওলানা এস এম বশির ও হাবিবুর রহমান মুন্সী।
সোনালী ব্যাংক শাখায় পরিচালিত ২টি হিসাবে ২০২২ সালে আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী আয় হয়েছে ৭ লাখ৭৬ হাজার ৩৫৫ এবং একই সময় ব্যায় হয়েছে ৫ লাখ ৯২ হাজার ৯৯৬ টাকা। বর্তমানে উদ্বৃত্ব রয়েছে ১লাখ ৮৩ হাজার ৩৫৯টাকা। সভার শুরুতেই বর্তমান এই বছরে রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের আজীবন সদস্য সৈয়দ আনওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোবারেক হোসেন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা শামসুন হুদা তারা, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, আঃ জলিল খলিফা ও আফিয়া আক্তার এদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং তাদের আত্মার রুহের মাগফেরাত কামনা হয়েছে ও শোকাহত পরিবারের কাছে ইউনিটের পক্ষ থেকে শোক বার্তা প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।










