ঝালকাঠি প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় ঝালকাঠি জেলাকে ভ‚মিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি সদর উপজেলার ১৮৭টি পরিবারের মাঝে ঘর প্রদান করে জেলাকে গৃহহীন ও ভ‚মিহীন মুক্ত ঘোষণা করেছেন।
এ উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা: জহুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোহাম্মদ শাহ্ আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা শেষে তার পক্ষে ১৮৭টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের দলিলসহ চাবি হস্তান্তর করেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এ সময় সকল পরিবারকে ৫টি করে গাছ বিতরণ করা হয়। ঝালকাঠিতে মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বপ্নের ঠিকানা পেয়ে হাসি ফুটেছে অসহায় ভূমিহীন-গৃহহীনদের মাঝে।










