ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে প্রস্তুতি কমিটির সভায় আগামী ১৫ ও ১৬ নভেম্বর ২দিন ব্যাপি ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলার স্থান নির্ধারণ করা হয়েছে। মেলায় বিষয়ভিত্তিক ৪টি প্যাভিলিয়ন (উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) স্থাপন করা হবে।
তবে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত প্যাভিলিয়ন/ ষ্টল স্থাপন করবে। ৪টি মূল বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের আওতায় বিভিন্ন সেক্টরে একাধিক ষ্টল থাকবে। এই আয়োজন বাস্তবায়ন করার জন্য একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে।
মেলার উদ্বোধনী দিনে র্যালি থাকবে এবং মেলার শেষ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই এর উদ্যোগে এই উদ্ভাবনী মেলা হচ্ছে এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে বাজেট প্রদান করা হয়েছে। সভায় জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এই মেলা জেলার পূর্বের উপজেলায়ও আয়োজন করা হবে।










