ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনকে ওয়াকার্স পার্টি ও ১৪ দলের মনোনয়ন দিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অংশ নেন মুক্তিযোদ্ধা প্রজন্ম নামের একটি সংগঠনের ব্যানারে ঝালকাঠি-১ আসনের বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা প্রজন্ম সংগঠনের সভাপতি হায়দার আলী জমাদ্দার, প্রশান্ত কুমার হাওলাদার, আফজাল হোসেন সরদার, আবুল কালাম জমাদ্দার, নিপু দে ও নুপুর বেপারী।
মানববন্ধনে বক্তারা বলেন, কমরেড আবুল হোসাইন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি দেশের সকল গণতান্ত্রিক ও মানব মুক্তির সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছেন। তিনি দীর্ঘ ৫২ বছর ধরে মানুষের সেবা করে আসছেন। নির্লোভ ও নিরাহংকার খাটি দেশপ্রেমিক মানুষটিকে যোগ্য রাজনৈতিক মর্যাদার দাবি জানানো হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে তাকে ১৪ দলের মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা।










