ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল রানা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মইনুল হক, সিভিল সার্জন ডা. এইচ,এম জহিরুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবিরসহ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন আগামী ২০৪১ সাল নাগাদ আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ। সে লক্ষ্যে দেশের প্রতিটি নাগরিককে হতে হবে প্রযুক্তি ব্যবহারে দক্ষ ও উপযোগী। এছাড়া অর্থনীতির সব লেনদেন ও ব্যবহারে হতে হবে প্রযুক্তি নির্ভর এবং সরকারি পর্যায়ের সকল সুযোগ-সুবিধা ও কর্মকান্ডসহ সর্বত্র প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।










