ঝালকাঠি প্রতিনিধিঃ
তারেক রহমানের নির্দেশে বিএনপিতে জ্ঞাননির্ভর রাজনীতি চালু হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ^ব্যাংকের সাবেক স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ডক্টর জিয়া উদ্দিন হায়দার। সোমবার বিকেলে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির রাজনীতির নতুন ধারায় প্রবর্তন হয়েছে। আগে যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ছিল, তার পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে জ্ঞাননির্ভর রাজনীতি চালু হয়েছে। পাশাপাশি উন্নয়ন কেন্দ্রিক রাজনীতিও চলবে।
জাতির সামনে উত্থাপিত তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে নলছিটি উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তৌহিদ আলম মান্না, ও সদস্যসচিব সাইদুল কবির রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।










