ঝালকাঠি প্রতিনিধি:
পুলিশের গুলিতে কুমিল্লায় ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার বিকেল সাড়ে তিন টায় শহরের আমতলা মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কিছুদূর গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিলটি সামনের দিকে এগোলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে পুলিশের বেড়িকেটের মধ্যেই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা বিএনপি। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দ্বিপু।
সমাবেশে বক্তারা পুলিশের গুলিতে নেতাকর্মীদের হত্যার বিচার দাবি করেন। পাশাপাশি আগামী সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে দেশে কোন নির্বাচন হবে না বলেও হুশিয়ারি দেন বক্তারা।










