ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে র্যালি বের করে জেলা বিএনপি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে বিএনপির গণজোয়ার বইছে। একদফা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, নইলে আন্দোলন থামানো যাবে না বলেও হুশিয়ারি দেন বিএনপি নেতারা।










