ঝালকাঠি প্রতিনিধি:
মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে ঝালকাঠিতে বিভিন্ন ধর্মীয় নেতা ও সামাজিক ব্যাক্তিদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিতি হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সার্কিট হাউস হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন পর্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী ও জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকারসহ আরো অনেকে।
কর্মশালা উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ হল ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়ে আসছে যুগ যুগ ধরে । সব ধর্মের লোক মিলেমিশেই এখানে বসবাস করছে। এই সম্প্রীতি ধরে রাখতে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দলকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। অন্যথায় সম্প্রদায়িকতার বিষবাষ্প আমাদের শান্তি বিনষ্ট করবে।
কর্মশালায় শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সাংবাদিক, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা ইসলামীক ফাউন্ডেশন এ কর্মশালর আয়োজন করে।










