ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ২০২১-২২ অর্থবছরে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন জেলা সঞ্চয় অফিস ৬৩ কোটি ৪৭ লাখ, ৪০ হাজার টাকা বিনিয়োগ অর্জন করেছে। ১১০৬ জন বিনিয়োগকারীদের কাছ থেকে এই অর্থ বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগ থেকে ১ বছরে ১ কোটি ৬৪ লাখ ২৯ হাজার টাকা উৎস কর আয় হয়েছে।
পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র ও পারিবারিক সঞ্চয়পত্র থেকে এই বিনিয়োগ অর্জিত হয়েছে। বরিশাল বিভাগের ভিতরে ঝালকাঠি জেলা বিনিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
জেলা সঞ্চয় অফিসের তথ্যসূত্র অনুযায়ী এই অর্থবছরে বিগত অর্থবছরের চেয়ে দ্বিগুন করে ৮৫ কোটি ৬৫ লাখ টাকা বিনিয়োগ অর্জনের লক্ষমাত্রা দেয়া হয়েছিল। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র থেকে ৯৫ জন বিনিয়োগকারী ৫ কোটি ৩০ লাখ টাকা বিনিয়োগ করেছে।
৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক ৩৪৫ জন বিনিয়োগকারী ১৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছে। পেনশন সঞ্চয়পত্র ৭৮ জন বিনিয়োগকারী ৮ কোটি ২৭ লাখ টাকা বিনিয়োগ করেছে এবং পারিবারিক সঞ্চয়পত্র ৫৮৮ জন বিনিয়োগকারী ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকা বিনিয়োগ করেছে।










