ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক,সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন, উপজেলা চেয়াম্যানগণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাসহ কমিটিভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় জেলা উন্নয়ন কমিটির সভায় জেলায় ৭৫টি বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের কর্মকান্ডের পর্যালোচনা ভিত্তিক আলোচনা হয়েছে। এই সকল প্রতিষ্ঠানে উন্নয়ন কর্মকান্ড যথা সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সড়ক ও জনপদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি, কৃষি বিভাগ, সমাজ সেবা অধিদপ্তরসহ এই সকল প্রতিষ্ঠানের জেলা প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।










