ঝালকাঠি প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলা ও পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের আমতলা মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়কে বের হতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে পুলিশের বেড়িকেটের মধ্যেই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা ছাত্রদল। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দ্বিপু।
সমাবেশে বক্তারা ছাত্রদল নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রাতাবাদ জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন। এদিকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জোবায়ের তালুকদার মেশকাতের নেতৃত্বে ছাত্রদলের একটি অংশ গতরাতে শহরের ব্র্যাকমোড় এলাকায় মশাল মিছিল বের করে।
ঝালকাঠি থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ বলেন, মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশ করলে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় পুলিশ বাধার সৃষ্টি করে।










