ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের গ্রামীন ব্যাংকের সাবেক শিক্ষনবীশ কেন্দ্র ব্যবস্থাপক আবুল বাসারকে গ্রহকের জামানতের টাকা জমা না দিয়ে আত্মসাৎ করার দায়ে দুর্নিতি দমন কমিশনের দায়ের করা বিশেষ মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৪০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার ঝালকাঠির সিনিয়র বিশেষ জজ আদালত এই রায় প্রকাশ করেন। এই আদালতে বিচারক মোঃ শহিদুল্লাহ ১৯৪৭ সালের দুর্নিতি প্রতিরোধ আইন ও দবি-৪০৯ ধারায় দোষি সাব্যস্ত করে এই সাজা প্রদান করেছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলকাঠি গ্রামের আব্দুল খালেকের পুত্র গ্রমীন ব্যাংকের এই কর্মকর্তা রায় প্রকাশকালিন সময় আদালতে অনুপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুর্নিতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান বাদি হয়ে ২০১৬ সালের ২২ নাভেম্বর নলছিটি থানায় প্রাথমিক তদন্ত শেষে মামলা দায়ের করেন। তদন্তে প্রকাশ পায় গ্রামীন ব্যাংকের সঞ্চয়কারীদের বিভিন্ন সময় ৯৪ হাজার ৩৭৬ টাকা আত্মসাৎ করেছেন। সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন দুদক পিপি এ্যাডঃ মঞ্জুর হোসেন।










