কুমিল্লায় জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে দেবিদ্বারে বিক্রির সময় জামাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লার ধর্মপুরের জুয়েল (২৬), সাতরা চম্পকনগরের মো. রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় জুয়েলের শ্বশুরবাড়ি। গত সোমবার বিকেলে জুয়েল তার দুই সহযোগীকে নিয়ে শ্বশুড়বাড়ি থেকে একটি গরু চুরি করেন। এরপর গরু সিএনজিচালিত অটোরিকশায় করে দেবিদ্বারে নিয়ে আসেন।
পরে গরুটি নিয়ে পার্শ্ববর্তী উপজেলা বুড়িচংয়ে যাওয়ায় সময় দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে পুলিশের চেকপোস্টে তারা ধরা পরে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, গত সোমবার বিকেলে আটক তিনজনের বিরুদ্ধে গরুর মালিক আমির হোসেন মামলা করেছেন। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।










