জনতার খবর ডেস্ক:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি’র জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে রবিবার (২৯ আগস্ট) উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।
এর আগে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ-এর আদালতে পরীমণির জামিন আবেদন করেছিলেন তাঁর আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। পরীমণি’র আইনজীবী বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যান। এরপর উচ্চ আদালতের নির্দেশে বিচারক পরীমণির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।
গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।












