গৌরনদী প্রতিনিধিঃ
স্থানীয় বিএনপি নেতাদের ইন্ধনে ইউপি চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে।
ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডের মাহেন্দ্রা সমিতির কার্যালয়ে।
হামলায় গুরুত্বর আহত বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালুকে (৪৩) উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের স্ত্রী শামীমা খানম বাদি হয়ে বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন আহত রেমন তালুকদার কালু জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশে বাটাজোর মাহেন্দ্রা সমিতির কমিটি গঠণ করার জন্য বুধবার সন্ধ্যায় ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে সমিতির কার্যালয়ে বৈঠকে বসা হয়।
বৈঠক চলাকালীন সময় স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান ও খোকন ফকিরের প্রত্যক্ষ ইন্ধনে বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যানের আব্দুর রব হাওলাদারের ছেলে রাহিদ হাওলাদার, তৌকির হাওলাদার, রাহিম হাওলাদারসহ তাদের সহযোগীরা তার (রেমন তালুকদার) উপর অর্তকিতভাবে হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।










