রাজধানীর চকবাজারে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। ১১ এপ্রিল মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা ভবনের পাঁচতলায় একটি সিরামিক গোডাউনে আগুন লেগেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জাফর হোসেন জানান, মনির নামে এক ব্যক্তির গোডাউনে আগুন লেগেছে। সেখানে প্লাস্টিক ও সিরামিক আছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভবনের সরু সিঁড়ির কারণে ফায়ার সার্ভিস কর্মীদের ভেতরে ঢুকতে সমস্যা হচ্ছে।
তিনি জানান, দিগু বাবু লেনের রাস্তাগুলো সরু। এই কারণে ফায়ার সার্ভিস কর্মীদের গাড়ি সেখানে ঢোকানো যায়নি। দূরে গাড়ি রেখে সেখান থেকে পাইপ জোড়া দিয়ে আগুন নেভানোর কাজ করা হচ্ছে।












