জনতার খবর ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সংগে সাক্ষাৎ করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী। শনিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় হঠাৎ করেই তিনি খালেদা জিয়া’র গুলশানের বাসা ফিরোজায় যান। এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক দিলারা চৌধুরী জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিলো। এখানে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সংগে আমাদের ভালো পরিচয় ছিলো। তাঁর কাছে আমি এবং আমার স্বামীর আসা-যাওয়া ছিলো। তখন বেগম জিয়া আমাদের সংগে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন।
তিনি বলেন, আমি দেশের বাইরে যাবো। সেখানে বেশি সময় থাকবো। বেগম জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন, এখন বাসায় অসুস্থ অবস্থায় আছেন। তাই ব্যক্তিগত সম্পর্কের কারণেই দেখা করে এসেছি। এক প্রশ্নের জবাবে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, আমি তো রাজনীতি করি না, তার সংগে রাজনৈতিক বিষয়ে কী আলাপ করবো। তবে আন্তর্জাতিক বিষয়ে টুকটাক কথা বলেছি। আফগানিস্তান নিয়ে দু’জনেই অ্যানালাইসিস করেছি। রাজনীতিবিদ হিসেবে তিনি খুব ভালো ব্যাখ্যা তুলে ধরেছেন।
স্বাস্থ্য কেমন দেখলেন জানতে চাইলে তিনি বলেন, বেগম জিয়া মানসিকভাবে খুব শক্ত। তবে উনার চলাফেরায় খুব কষ্ট হয়। পায়ে খুব ব্যথা হয়। জেলে থাকতে কিডনি ও লিভারসহ আরও অনেক কিছুর সমস্যা হয়েছিলো। অনিয়মিত ঘুম। কোনোদিন ঘুমাতে পারেন আবার কোনোদিন পারেন না। ঘুম না হলে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। সেখানে তাঁর বয়স হয়েছে, এছাড়া নানান জটিলতায় ভুগছেন। যে অবস্থা বিদেশে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হবেন।











