বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের কীর্তনখোলা নদী থেকে এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটি নগরীর বাজাররোড এলাকার বাসিন্দা কালাচান কুমার ঘোষ(৫০) এর বলে নিশ্চিত হওয়া গেছে। রোববার (১৪ মে) সকালে বরিশাল নগরীর চাঁদমারী খেয়াঘাট সংলগ্ন নদীর তীর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের ভাইয়ের ছেলে সঞ্জয় কুমার ঘোষ বলেন, শনিবার (১৩ মে) বেলা ১১ টার দিকে কালাচান কুমার ঘোষ কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর রাত সাড়ে ১১ টার দিকে চাঁদমারী এলাকার বালু ব্যবসায়ী নাছির ভাই বাসায় ফোন দিয়ে কাকিমা নিপা রানী ঘোষের কাছে ফোন দেন এবং জানান, কালাচান কুমার ঘোষ মোবাইল ফোন রেখে গেছেন তার কাছে, এরপর আর আসেননি, কেউ যেন গিয়ে সেটি নিয়ে আসেন।
তিনি বলেন, এরপর রাতে গিয়ে আমরা মোবাইল ফোনটি নিয়ে আসি এবং কালাচান কুমার ঘোষের জন্য অপেক্ষা করি। তবে সকাল অব্দি ফিরে না আসায় কোতোয়ালি মডেল থানা, আদালত ও হাসপাতালে অনুসন্ধান চালিয়েও তার খোঁজ পাইনি। পরে নৌ পুলিশ আমাদের ফোন দিয়ে থানায় যেতে বলেন। তখন সেখানে গিয়ে জানতে পারি কালাচান কুমার ঘোষের মরদেহ উদ্ধারের বিষয়টি।
এদিকে কালাচানের মৃতের ভাই ব্যবসায়ী অশোক ঘোষ বিষয়টি স্বাভাবিক নয়, হত্যাকান্ড বলে ধারনা করছেন। তার দাবি, যেখান থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে তার যাওয়ার কথা নয়।
এ দিকে সুরতহালে উদ্ধার হওয়ার মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ থানার এসআই আলাউদ্দিন আল মাসুম। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারন জানাযাবে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ সকালেই বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া উদ্ধারের সময় মৃতের পরিচয় জানা না গেলেও পরে স্বজনরা শনাক্ত করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।










