জনতার খবর ডেক্সঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, দেশের বিভিন্ন ইস্যুতে কয়েকজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তারা দায়িত্বহীন এবং কাণ্ডজ্ঞানহীন বক্তব্য রেখে চলেছেন। আজ শুক্রবার (১২ নভেম্বর) সকালে তিনি তার বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকর্তাদের কেউ কেউ সভা-সেমিনারে তাদের দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য রাখছেন যা মোটেই শোভন নয়।
তিনি বলে্ন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ৬৫ থেকে ৭০ শতাংশ ভোটারের উপস্থিতিতে স্বতস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে বিভিন্নস্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকে আহত হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক। সারাদেশে তৃণমূল পর্যায়ে নির্বাচন ঘিরে যে উৎসবমুখরতা তা ধরে রাখতে সকলকে আরও সতর্ক থাকতে হবে। পরবর্তী ধাপের নির্বাচনে যাতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। এ ছাড়াও রাজনীতিবিদ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সকলকে বক্তব্য দেওয়া বা মন্তব্য করার ক্ষেত্রে সীমারেখা মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনা করা বিএনপির এখন ‘প্রতিদিনের রাজনৈতিক দায়িত্ব’ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, জনগণ ও দেশের জন্য তারা কিছু করতে না পারলেও মিথ্যাচার আর অপপ্রচারের কাজটি সুনিপুণ ভাবে করে যাচ্ছেন। চূড়ান্ত বিচারে এসব অপপ্রচার বিএনপির বিরুদ্ধেই যাবে এবং যাচ্ছে, যা তারা এখনো বুঝতে পারছে না। এসব সত্য বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তাদের জন্য মঙ্গল।












