বরিশাল প্রতিনিধিঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে কাভার্ড ভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল পৌনে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষীপুরা এলাকার আবু তালেবের ছেলে পিকআপ চালক মাহিম (২০) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের কবিরাজ এলাকার মৃত আব্দুল ফকিরের ছেলে পিকআপের যাত্রী আলেক ফকির (৪৫)।
ফায়ার সার্ভিসের গৌরনদী ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবরপেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও গাড়ির মধ্যে আটকে পড়া দুইজনকে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহারের মাধ্যমে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, ঢাকা থেকে বাসা বাড়ির মালামাল নিয়ে বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলো পিকআপ। পথিমধ্যে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক মাহিম ও পিকআপের যাত্রী আলেক ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।










