খেলা ডেস্কঃ কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের সময় বিভিন্ন স্টেডিয়ামে নিরাপত্তার জন্য ড্রোন ব্যবহার করবে। শুক্রবার লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য প্রকাশ করে। বিবিসি জানায়, সম্ভাব্য আক্রমণ থেকে ফুটবল স্টেডিয়ামগুলোকে রক্ষা করতে কাতার ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অন্যান্য ড্রোন থেকে ফুটবল ভেন্যুতে সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে এই সিদ্ধান্ত নেয় কাতার। এরইমধ্যে ইন্টারসেপ্টর ড্রোন সরবরাহের জন্য ফোর্টেম টেকনোলজিসের সাথে একটি চুক্তি করেছে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ফোর্টেম ড্রোনগুলো স্টেডিয়ামের কাছাকাছি আসা নিরাপত্তার জন্য হুমকি হয়, এমন অন্যান্য ড্রোনগুলোকে নিচে নামিয়ে আনবে। সংস্থাটি জানায়, এমন চুক্তি সাধারণভাবে সম্ভাব্য ড্রোন হামলার হুমকি সম্পর্কে বিশ্বের ক্রমবর্ধমান ভয় ও উদ্বেগ তুলে ধরে। কাতার তাই কোনো ছাড় দিতে রাজি নয় নিরাপত্তায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আমেরিকা বিভিন্ন ক্রীড়া ইভেন্টগুলোতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করেছে। সেইসাথে ইউক্রেনে আমেরিকা অ্যান্টি-ড্রোন সিস্টেম পাঠিয়েছে।
পাশাপাশি যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোকে সম্ভাব্য ড্রোন হামলা থেকে বাঁচাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম নিয়েও কাজ করছে আমেরিকা।
যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড ডান বিবিসিকে বলেছেন, ড্রোন প্রযুক্তিটি খুবই সহজলভ্য হওয়ার কারণে এটি ব্যবহার করে সন্ত্রাসীদের আক্রমণের হুমকি অনেকগুণ বেড়েছে।












