কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রী সাথী আক্তারকে হত্যার অভিযোগে স্বামী মোঃ সুমন ফকিরকে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ ।
আজ ৭ অক্টোবর মঙ্গলবার অভিযুক্ত সুমন ফফিক (৩৮) কে ঝালকাঠির আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ সুমন ফকির (৩৮) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পুর্ব ছিটকি গ্রামের মোঃ এনছাপ আলী ফকিরের ছেলে।
গত সোমবার রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা দোগনা বাজার ব্রীজের ওপর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার সূত্রে জানা যায়, আট বছর পুর্বে উপজেলার পুর্ব ছিটকি গ্রামের এনছাপ আলী ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় পার্শ্ববর্তী বলতলা গ্রামের প্রবাসী আবদুস ছোমেদ খানের মেয়ে আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেয় স্বামী সুমন ও তার পরিবার। যৌতুকের তিন লক্ষ টাকা পরিশোধ করে সাথীর পরিবার।
পুনরায় যৌতুক দাবী করলে, তা দিতে অস্বীকৃতি জানায় সাথীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর রাতে সাথী আক্তারকে মারধর করে স্বামী ও তার পরিবারের লোকজন। গুরুতর আহত সাথী আক্তারকে পাশর্^বর্তী পিরোজপুরের ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে তার পিতা আবদুস ছোমেদ। সেখানে দুইদিন চিকিৎসাধীন থেকে বাবার বাড়ীতে আসে। গত রোববার ৫ অক্টোবর বিকেলে সাথী আক্তার মারা যায়। সাথী আক্তার দুই সন্তানের জননী ছিলো।
এ ঘটনায় সাথী আক্তারের পিতা মো.আবদুস ছোমেদ বাদী হয়ে সুমন ফকির তার পিতা-মাতাসহ পরিবারের পাঁচ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা জানান, হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।










