কাঠালিয়া প্রতিনিধিঃ
কৃষি প্রণোদনার ১৯ বস্তা সার ও বীজ বিতরণে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিঠু শিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩১ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ আদেশ দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান রসুল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৫ জুন ইউনিয়ন পরিষদের গোডাউন ও ইউনিয়ন যুবলীগ নেতার বাসা থেকে কৃষি প্রণোদনার ১৯ বস্তা সার ও বীজ জব্দের ঘটনায় ইউপি চেয়ারম্যান মিঠু শিকদারসহ তিন জনকে আসামি করে মামলা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।
মামলার অন্য আসামিরা হলেন- ইউপি সদস্য মো. হেলাল শিকদার ও আওরাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দীপক হাওলাদার। বুধবার সেই মামলায় আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে ইউপি চেয়ারম্যান মিঠু শিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।










