কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া ফাজিল মাদ্রাসার অস্টম শ্রেণির ছাত্রী তাহিরা খানম সুখি ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার সকালে মাদ্রাসা মাঠে শিক্ষার্থী ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ১৭ অক্টোবর দুপুরে সামান্য একটি বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পযার্য়ে প্রতিপক্ষরা তাহিরা খানম সুখির বাবা লোকমান খান ও মাকে মারধর করে। এসময় ওই ছাত্রী মাদ্রাসায় ছিল। সে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পথে তাকেও মারধর করা হয়। আহত অবস্থায় সুখিকে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আহত সুখির বাবা লোকমান খান, স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী খান, রুমান খান, শিক্ষার্থী মাহফুজা আক্তার ও মরিয়ম আক্তার।
কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











