কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় লিজা আক্তার নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর চাউলে দেওয়া পোকানাশক ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে। উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার রাতে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত রোববার রাতে চাউলের পোকানাশক ট্যাবলেট খাওয়ায় লিজা অসুস্থ্য হয়ে পড়লে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়। লিজা আক্তার (১৪) উপজেলার সবুরেন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ও উত্তর তালগাছিয়া গ্রামের সিদ্দিক হাওলাদারের মেয়ে।
স্বজন ও শৌলজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জানান, কয়েকদিন ধরে লিজার জ্বর থাকায় বিভিন্ন ধরণের ওষুধ খেতে হচ্ছিল। তার ওষুধের পাশেই রাখা ছিলো চাউলে দেওয়ার জন্য বিষাক্ত পোকানাশক ট্যাবলেট। নিজের ওষুধ মনে করে লিজা চাউলে দেওয়ার বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে সে প্রচন্ড বমি করতে শুরু করে। পরিবারের সবাই ধারনা করেছে জ্বরের জন্য বমি করছে লিজা। গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে রাজাপুর উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় বরিশালে ময়নাতদন্ত হয়েছে এবং বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।










